পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার
- আপডেট সময় : ০১:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মুখে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বোর্ডটির নেতৃত্ব দেবেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। এছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে যুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে।
মজুরি বোর্ডের অন্তর্ভুক্তির বিষয়টি অবগত হওয়ার পর বিজিআইডব্লিউএফ সাধারণ সম্পাদক বাবুল আখতার আশা প্রকাশ করেছেন যে, সরকার দ্রুত বোর্ডের কার্যক্রম শুরু করবে। এর আগে গতকাল রাজধানীতে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রী সে সময় শ্রমিকদের আন্দোলনে না থেকে শান্ত থাকার আহ্বান জানান। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী। তিনি বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরেই পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। আজ সকালেও রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। দুপুর ১২টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুরেও একই দাবিতে শ্রমিকদের রাস্তায় নামার খবর পাওয়া গেছে। এদিকে নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরেই রাজধানী ও আশপাশের পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন।















