৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান
- আপডেট সময় : ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে
নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে রাষ্ট্রব্যবস্থায় কিছু সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশকিছু সংস্কার প্রয়োজন। এর মধ্যে গণতন্ত্র ও জাতিগঠন ধাপে ৩১ দফা ও জুলাই সনদের বাস্তবায়নের অবশ্যই করা হবে।
তারেক রহমান জানান, সামগ্রিক পরিকল্পনা পাঁচটি ভাগে ভাগ করেছে বিএনপি। এসব ভাগের ভেতর বাকি সব বিষয় যুক্ত করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শুক্রবার বিকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা সবসময়ই বিএনপির অগ্রাধিকারে ছিল জানিয়ে তারেক রহমান বলেন, সবসময়ই বিএনপির আমলে সরকারের সমালোচনা করতে পেরেছেন সাংবাদিকরা। পুরোনো পত্রিকা খুললেই এর প্রমাণ মিলবে বলেও জানান তিনি।
মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দুঃখজনক হলেও গত ১৬ বছর ধরে জাতির গর্ব মুক্তিযুক্তকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। আমরা আগামীতে এই বিষয়পি জাতির সামনে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে চাই।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ গঠন করা হবে যেখানে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নিয়ে কাজ করা হবে।
জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে আছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার নেতৃত্বে দলের প্রথম নির্বাচনী ইশতেহার।
এর আগে বক্তব্যের শুরুতে ছুটির দিনেও বিএনপির ইশতেহার ঘোষণা কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য রাজনৈতিক দলের সহকর্মী, কূটনীতিক, সাংবাদিকদের ধন্যবাদ জানান তারেক রহমান।
৪৭ বছর আগে দেশ ও জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও মনে করিয়ে দেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটি সংবিধানে পুনঃস্থাপন করতে চাই।
তিনি বলেন, ‘প্রতিদিনের রাজনীতির বাইরেও সমাজে এমন অনেক মানুষ আছেন যাদেরও দেশ গঠন সম্পর্কে মূল্যবান মতামত থাকতে পারে। আমরা সেজন্যই এই মানুষগুলোর মধ্যে যারা চান তাদের দেশ গঠনে যুক্ত করতে। সেজন্য সংসদে উচ্চকক্ষ প্রবর্তন করতে চাই, সেটা আগেই বলেছি।’















