গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেফতার
- আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দারাবাদ এলাকায় ৯ বছরের এক শিশুকে চকলেটে লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সেলিম খান ভুক্তভোগী শিশুটির বাবার বোনজামাই।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
মামলার বিবরণ বলা হয়েছে, মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে সেলিম খান গত প্রায় ৫ বছর ধরে পূবাইলের হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকায় তার শ্যালকের (বাদীর) বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য প্রকাশ পায়।
শিশুটি জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মে’র মধ্যে বিভিন্ন সময়ে অভিযুক্ত সেলিম খান তাকে চকলেট, চিপস বা বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যেত। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে পূবাইল থানা অফিসার ইনচার্জ (অসি) আতিকুর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, মামলা রেকর্ডের পর আসামিকে ২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আসামি ঘটনাটির সত্যতা স্বীকার করেছে, শিশুটিকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে ফরেন্সিক প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে।













