সিটি করপোরেশনে ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি, গতিসীমা ও ফি নির্ধারণ
- আপডেট সময় : ১২:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে সরকার নতুন নীতিমালা তৈরি করেছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারির কথা জানানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রাপ্ত ক্ষমতাবলে এই বিধিমালা বাস্তবায়ন করা হচ্ছে।
নিবন্ধন, নবায়ন ফি ও অন্যান্য শর্তাবলি
নতুন বিধিমালার আওতায় দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি প্রতিটি যানবাহনের জন্য ১ হাজার টাকা ফি দিয়ে ফিটনেস সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
- একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন পাওয়া যাবে।
- প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
- ই-রিকশার সর্বোচ্চ অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
গতিসীমা ও চলাচলের এলাকা
নতুন বিধিমালায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে হবে। এ ছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাতে ই-রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এক সিটি করপোরেশনের নিবন্ধিত গাড়ি অন্য সিটি করপোরেশনে বাণিজ্যিকভাবে চালনা করা যাবে না।















