কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ডাক দিলেন আমীর
- আপডেট সময় : ০৪:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনাবৃষ্টি দূর করা এবং মহান আল্লাহর রহমতের বৃষ্টির আশায় দেশজুড়ে সালাতুল ইস্তিস্কা আদায়ের নির্দেশ দিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি।
রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণে আয়োজিত এই বিশেষ নামাজে অংশ নেওয়ার জন্য দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয়। আওকাফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা।
আগামীকাল ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার (২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) সকালে কাতারজুড়ে নির্ধারিত মসজিদ ও জামাত কেন্দ্রগুলোতে এই নামাজ অনুষ্ঠিত হবে। আমীরি দেওয়ানের তথ্য অনুযায়ী, আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি নিজে লুসাইল ঈদগাহ মাঠে সমবেত মুসল্লিদের সঙ্গে এই নামাজ আদায় করবেন।
ইস্তিস্কার আনুষঙ্গিক তথ্য
- সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৫:৫৯ মিনিটে দেশজুড়ে নির্ধারিত স্থানে নামাজ শুরু হবে।
- প্রস্তুতি ও নিয়মাবলী: নামাজে অংশগ্রহণের পূর্বে তওবা করা, সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকা, দান-সদকা করা এবং বিনম্র হৃদয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
- নামাজের তাৎপর্য: ‘ইস্তিস্কা’ অর্থ বৃষ্টি প্রার্থনা। অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং দুআ-মুনাজাত ও নামাজের মাধ্যমে বৃষ্টির আবেদন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
ইসলামী ঐতিহ্যের আলোকে, নবী মুহাম্মদ (সা.) এবং সাহাবা ও তাবেঈনরা যখনই অনাবৃষ্টির সম্মুখীন হতেন, তখন ইস্তিগফার ও প্রার্থনার ওপর বিশেষ গুরুত্ব দিতেন। এর অংশ হিসেবে কখনো তারা জামাতে সালাতুল ইস্তিস্কা আদায় করতেন, আবার কখনো কেবল সম্মিলিত দুআ-মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আবেদন জানাতেন। অনাবৃষ্টিকালে বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে একাকী কিংবা সমবেতভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার-দুআ-মুনাজাত-রোনাজারি করা; তদ্রুপ একাকী কিংবা সমবেতভাবে সালাত আদায় করা, অতঃপর আল্লাহ তাআলার কাছে দুআ-মুনাজাত-রোনাজারি করে বৃষ্টি প্রার্থনা করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
বিগত বছরগুলোর ধারাবাহিকতা রক্ষা করে এবারও দেশজুড়ে জাতীয়ভাবে এই সুন্নাহ পালিত হতে যাচ্ছে। কাতার আওকাফ মন্ত্রণালয় স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের যথাযথ নিয়ম মেনে এই ইবাদতে শরিক হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

























