নড়াইলে গাছে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাই নিহতের ঘটনায় মামলা
- আপডেট সময় : ১০:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে সুপারি গাছ লাগানো ও এর ছায়া পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হাসানুর ওই গ্রামের ছত্তার শেখের ছেলে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির পাশের সুপারি গাছে পানি দিতে যান হাসানুর। এ সময় তার চাচাতো ভাই হাসদেল শেখ গাছের ছায়া নিজের জমিতে পড়বে বলে আপত্তি জানালে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরের ওপর আক্রমণ করেন। স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের দুই ছেলে ও মেয়েকে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
























