ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন
- আপডেট সময় : ০৩:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ইসিতে এই আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন মানিক।
এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই কার্যক্রম শেষে ফেনীর তিনটি আসনে মোট ২২ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ১২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। এছাড়া একই দিন ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়।
ওইদিন ফেনী-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ছাড়াও মনোনয়ন বৈধ হওয়া অন্য প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের, জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. খালেকুজ্জামান পাটোয়ারী।
এছাড়া ওইদিন হলফনামায় মৃত ভোটারের স্বাক্ষরসহ নানা কারণে ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।















