স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট করায় যুবদল নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট করার অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সখীপুর উপজেলা যুবদলের রুবেল চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবেল চৌধুরী ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। জাহিদ হোসেন মালা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা ওই মন্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

























