লক্ষ্মীপুরে গুলি করে প্রাণহানি: প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ স্বজনদের
- আপডেট সময় : ০৮:৩২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদ। দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত তিনদিনের ব্যবধানে উপজেলায় এটি দ্বিতীয় খুনের ঘটনা।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মাটির ব্যবসার বিরোধ নিয়ে ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন দুপুরে মোরশেদ ও মজিদ নামের দু’জন ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, হাসপাতালে আনার আগেই খোরশেদের মৃত্যু হয়েছে এবং তার বুকে কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এদিকে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানিয়েছেন, খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত এই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।























