অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার, ঠাকুরগাঁওয়ে মামলা
- আপডেট সময় : ০৭:০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে মামলা করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি হাফিজউদ্দীন বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে বাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে প্রায় নয় মাস আগে ভুক্তভোগী বাবার বাড়িতে চলে যান। অভিযোগ রয়েছে, দাম্পত্য জীবনে থাকাকালীন পারভেজ স্ত্রীর অজান্তে তাঁর ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।
ভুক্তভোগী স্ত্রীর অভিযোগ, বিয়ের পর পারভেজ তাঁকে নিয়মিত তালাকের জন্য চাপ দিতে থাকেন। এতে অস্বীকৃতি জানালে পারভেজ তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই অনুযায়ী, পারভেজ তাঁর ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীনের কাছে এসব গোপনীয় ছবি ও ভিডিও পাঠিয়ে দেন। এরপর উভয়ের যোগসাজশে ভুক্তভোগীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সেগুলো প্রকাশ করা হয়। এমনকি হাফিজউদ্দীনকে বিয়ে করার জন্যও বাদীকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান আসামি পারভেজ ইসলামকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
























