ট্রাম্প: ইরানে আজই হামলা হতে পারে
- আপডেট সময় : ০৭:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও সামরিক অভিযানের সম্ভাবনা ব্যক্ত করেছেন। তিনি স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সামনে দাবি করেন যে, রোববারের মধ্যেই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে ট্রাম্পের মতে, তেহরান যদি যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া শর্তগুলো মেনে চুক্তিতে আসতে সম্মত হয়, তবে সামরিক সংঘাত এড়িয়ে বড় ধরনের সমঝোতার সুযোগ এখনো রয়েছে।
ইরানের ওপর সামরিক চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবেই ট্রাম্প এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলেন, ‘আমরা হামলার বিষয়টি নিয়ে ভাবছি, সম্ভবত আগামীকাল রোববারই তা শুরু হতে পারে।’ তবে ইরান চুক্তি করতে আগ্রহ প্রকাশ করলেও দেশটির প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানিরা চুক্তি করতে আগ্রহী, কিন্তু সমস্যা হলো তারা সেই প্রতিশ্রুতি রক্ষায় কতটা অটল থাকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
পারমাণবিক অস্ত্র তৈরির দৌড় থেকে ইরানকে দূরে রাখাই যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য, তা আবারও স্পষ্ট করেছেন ট্রাম্প। গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, চলতি বছর যদি পুনরায় এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত না নিতেন, তবে গত বছরের হামলাটি কতটা কার্যকর ছিল তা নিয়ে প্রশ্ন উঠত।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও এই দাবির সপক্ষে তিনি কোনো তথ্য-প্রমাণ তুলে ধরেননি। শেষ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগ না কি কূটনৈতিক সমঝোতা—কোন পথে সমাধান আসবে, তা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার কাজটি হয়তো সম্পন্ন করতে হবে। নয়তো তারা চুক্তি করবে। শেষ পর্যন্ত আমি নিশ্চিত নই, তবে সামরিক হামলা বা চুক্তি যেভাবেই হোক, আমরাই জিতব।’ ট্রাম্পের এই দ্বিমুখী মন্তব্যে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে সামরিক উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ রোববার হামলা চালানোর বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করেননি তিনি।























