আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- আপডেট সময় : ০৫:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
রংপুর-৪ (কাউনিয়া- পীরগাছা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে এই হুমকি পেয়ে গতকাল শনিবার তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে আখতার হোসেনের মোবাইলে কল আসে। ওই কলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে কলটি কেটে দেওয়া হয়।
এ ঘটনায় আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
এদিকে শনিবার এক ভিডিও বার্তায় হুমকির বিষয়টি নিশ্চিত করে আখতার হোসেন বলেন, আমরা জীবনের পরোয়া করি না। তাই ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনী জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
উল্লেখ্য, এর আগে আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।















