বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট শিশু, ট্রাকে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
- আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বালিবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পাপড়ি রাণী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকল এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নিহত পাপড়ি ওই এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে। সোনাপোতা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়াশোনা করছিল।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সোনাপোতা পাঁচকল এলাকায় ভূট্টা শুকানোর কাজ করছিলেন বাবা সেবেন্দ্রনাথ রায়। এসময় তাকে খুঁজতে মেয়ে পাপড়ি সেখানে যায়। পরে সড়ক পার হতে গিয়ে দেবীগঞ্জগামী বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পরে ঘাতক ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাইনি। এঘটনায় আইনী প্রক্রিয়া চলমান আছে।
এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় ট্রাক্টরের চাপায় আনোয়ার হোসেন (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। সে ট্রাক্টর শ্রমিক হিসেবে কাজ করতো।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় ট্রাক্টর মোড় নেয়ার সময় উল্টে যায়। এতে আনোয়ার ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ট্রাক্টরটি আমাদের হেফাজতে আছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।













