ভেকু দিয়ে মাটি কাটা কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওসমান গনি (৪০) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার–গাউছিয়া সড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতির জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে ওসমান গনির বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে রমজান আলীর অনুসারীরা ওসমান গনির ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে পথে তার মৃত্যু হয়।
ওসমান গনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বড় বিনাইরচর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার–গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।













