নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জেডি ভ্যান্সের
- আপডেট সময় : ১১:২৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ইসরাইলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে কোনো সমর্থন দেবেন না বলে পরিষ্কার জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে। ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, তিনি শুধুমাত্র মার্কিন প্রার্থীদের সমর্থন দিতে আগ্রহী এবং ইসরাইলের অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতিতে কোনোভাবেই জড়াতে চান না। তিনি বলেন, নেতানিয়াহুর প্রতি তার সমর্থন বা বিরোধিতা কোনোটাই নেই।
এই অবস্থান নিয়ে তিনি সরাসরি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিপরীত মেরুতে অবস্থান নিয়েছেন। ট্রাম্প সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও চলতি মাসের শুরুর দিকে টাইম ম্যাগাজিনের সাথে কথোপকথনে ট্রাম্প ইসরাইলের রাজনীতিতে না জড়ানোর কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নেতানিয়াহুর পক্ষেই অবস্থান নিলেন। তবে ভ্যান্স অতীতে ভিন্ন চিত্রও দেখিয়েছেন; চলতি বছরের শুরুতে হাঙ্গেরির নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থী ভিক্টর অরবানকে সমর্থন দিতে তিনি বুদাপেস্ট সফর করেছিলেন, যদিও সেই নির্বাচনে অরবান শেষ পর্যন্ত পরাজিত হন।
এদিকে নির্বাচনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্বাচনের মাত্র কয়েক দিন বাকি থাকতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক অঘোষিত সফরে ইসরাইল সফর করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, গত সোমবার সন্ধ্যায় হেগসেথ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ের এই সফর ইসরাইলের নির্বাচনী পরিস্থিতির ওপর নতুন আলোচনার জন্ম দিয়েছে।
























