মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতার নির্দেশ
- আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের ১২টি দেশে বসবাসরত ও অবস্থানকারী নিজেদের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মার্কিন দূতাবাসগুলো। গত ১৯ অক্টোবর (সোমবার) যুক্ত এক যৌথ বার্তায় এই সুরক্ষামূলক নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আঞ্চলিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট মিশনগুলো। নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ থাকার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আপাতত এসব দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, ইরান এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ, যেমন- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। এতে ইরান-সমর্থিত হুতি বাহিনীর দ্বারা সৌদি আরবে চালানো হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর চালানো আক্রমণগুলো সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং ভ্রমণ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে। মার্কিন মিশনগুলো ভ্রমণকারীদের পরামর্শ দিয়ে বলেছে, ফ্লাইট নির্ধারিত সময়েই চলবে- এমনটা ধরে না নিয়ে বরং এয়ারলাইন্স বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যাত্রার বিষয়টি নিশ্চিত করতে হবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে যেসব দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন এবং ইসরায়েল। উল্লেখিত দেশগুলোতে মার্কিন নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন নিশ্চিত করতে জোরালো তাগিদ দেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন এবং ইসরায়েল— এই ১২ দেশের মার্কিন দূতাবাস এই বিবৃতি দিয়েছে।
জরুরি এই বিজ্ঞপ্তিতে বর্তমানে ওই এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের নিয়মিত এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত খবরাখবরের ওপর খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা দ্রুত পরিবর্তনের জন্য পূর্বপ্রস্তুতি রাখা এবং স্ব-স্ব এলাকায় অবস্থিত মার্কিন মিশনগুলোর সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলার নির্দেশনা দেয়া হয়।
জরুরি মুহূর্তে নাগরিক সেবা ও সঠিক তথ্য প্রদান সহজতর করতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (স্টেপ)-এ দ্রুত নিজেদের নাম নিবন্ধনের জন্য নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো। ইউরো নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
























