জেবিআইসি গভর্নর ও প্রধানমন্ত্রীর বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব
- আপডেট সময় : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জাপানের টোকিওতে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন যে, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পসমূহ বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন এজেন্ডার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসির একটি পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপনের অনুরোধ জানান। জেবিআইসি গভর্নর আমাকাওয়া কাজুহিকো এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা সহজীকরণ ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে দেশে একটি ব্যবসায়িক ও অর্থনৈতিক কর্মপরিবেশ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রগতিতে জাপানি সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ছাড়াও ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে অংশ নেন।

























