চলনবিলে আগাম আলু চাষে ব্যস্ত সিরাজগঞ্জের কৃষকরা
- আপডেট সময় : ১২:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
চলনবিল সংলগ্ন সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। বর্ষার পানি নেমে যাওয়ার পর পলিযুক্ত উর্বর জমিতে বিভিন্ন জাতের আলুর বীজ রোপণ করছেন তারা। লক্ষ্য একটাই, ভালো ফলন এবং তার মাধ্যমে আর্থিক লাভের মুখ দেখা।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ১ হাজার ৩৮ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮৫ হেক্টর জমিতে বীজ লাগানো সম্পন্ন হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের মানসম্মত বীজ এবং সঠিক পরিমাণে সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। একই চিত্র তাড়াশ উপজেলাতেও, যেখানে ১৩০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং এখন পর্যন্ত ৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তাড়াশের কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, প্রতি বছর বর্ষার পলি জমার কারণে এই এলাকার জমি অত্যন্ত উর্বর হয়, যা আলুসহ অন্যান্য ফসলের ভালো ফলন নিশ্চিত করে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা এই আলু চাষকে বড় সুযোগ হিসেবে দেখছেন। এবছর এই উপজেলায় ১হাজার ৩৮ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধরান করা হয়েছে।
স্থানীয় হাটগুলোতে এখন আলু বীজের বেচাকেনা জমে উঠেছে। কৃষকদের কাছে সবচেয়ে বেশি চাহিদার রোমানা জাতের আলু বীজ প্রতি কেজি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কাঠিলাল ও সাইটা জাতের আলু বীজ ২৬ থেকে ৩০ টাকা কেজি দরে কেনাবেচা চলছে। ব্যবসায়ী আব্দুল কাদের জানান, তারা স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী বীজ আলু সরবরাহ করছেন।
মোহনপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিদুল ইসলাম জানান, মাহমুদপুর ও সাতবিলার অনেক কৃষক বিভিন্ন কোল্ড স্টোরেজে রাখা নিজস্ব বীজ এখন জমিতে রোপণ করছেন। নাগরৌহা গ্রামের কৃষক আব্দুল আলিম জানান, তিনি কিছু দিন আগেই তিন বিঘা জমিতে আলু বীজ রোপণ করেছেন। ভালো ফলনের পাশাপাশি এবার আলুর ন্যায্য দাম পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। বিশেষ করে উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের মাহমুদপুর ও সাতবিলা মাঠে অন্যান্য এলাকার তুলনায় বেশি পরিমাণ আলু চাষ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। গত কয়েকদিনে এ দুই উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কৃষকেরা আলু আবাদ শুরু করেছেন। তিনি আশা করছেন আলুতে ভালো ফলনের পাশপাশি ভালো দামও পাবেন।
























