নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান করবেন জাকির হোসেন
- আপডেট সময় : ১০:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে প্রচারণায় সরব হয়ে উঠেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। এলাকার সাধারণ মানুষের কাছে নিজের উন্নয়ন পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরতে তিনি নিয়মিত গণসংযোগ, শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন। সোমবার বিকালে ভেদুরিয়া ইউনিয়নের বারো তারিখ বাজার থেকে শুরু হয়ে শেরে বাংলা মার্কেট পর্যন্ত তার এই প্রচার অভিযান পরিচালিত হয়। এই সময় তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
নির্বাচনী প্রচারণাকালে জাকির হোসেন বলেন, ভেদুরিয়া ইউনিয়নের সুশাসন নিশ্চিত করা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা এবং সামাজিক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপি তাকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।
জাকির হোসেন স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে সেবামূলক ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেন। তার এই গণসংযোগকালে ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ফজলুল হক গোরামী, প্রচার সম্পাদক রাসেল আকনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোটারদের ইতিবাচক সাড়ায় তিনি বেশ আশাবাদী বলে জানিয়েছেন।
নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত রাখার অঙ্গীকার করে জাকির হোসেন বলেন, এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে ইউনিয়নের বেকার তরুণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে সর্বাত্মক সহায়তা প্রদানের ঘোষণাও দেন তিনি।
প্রার্থী আরও বলেন, নির্বাচিত হলে চুরি, ডাকাতি ও সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলস কাজ করতে চান। সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে ভেদুরিয়াকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল পরিকল্পনা।
























