অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপের এক দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক মো. আশরাফুল হাসান আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন, যার প্রেক্ষিতে আদালত একদিনের মঞ্জুরি প্রদান করেন।
এর আগে ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। সিআইডির তথ্য অনুযায়ী, স্বর্ণ ও হীরা সংগ্রহের নাম করে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা পাচারের অভিযোগে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বর্ণ চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন দিলীপ কুমার আগরওয়ালা। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।


























