একদিনের ব্যবধানে সারাদেশে হামে দ্বিগুণ মৃত্যু
- আপডেট সময় : ১২:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে দ্বিগুণ। একই সময়ে নতুন করে এক হাজার ২৩৬ জন শিশু হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের বর্তমান পরিস্থিতিতে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২৪ জনের। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৯৮ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছে ছয় হাজার ৮৮৩ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চার হাজার ৬৩৫টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে একজনের হাম নিশ্চিত ছিলো এবং বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ১২৮টি শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৯৯ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৭৫ জন) ও রাজশাহী (২২৫ জন)।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- বরিশালে ৯৬, চট্টগ্রামে ১৭৫, ঢাকা ৪৯৯, খুলনা ১০১, ময়মনসিংহ ৪৬, রাজশাহী ২২৫, রংপুর ৫৪ এবং সিলেটে ৪০টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।













