কারা হেফাজতে পটুয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় লিভার সিরোসিস ও হৃদরোগজনিত জটিলতায় শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি মারা যান।
সফিকুল ইসলাম খান ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।
পটুয়াখালী কারা কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাতেই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরে মরদেহ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নিজ গ্রামে নেওয়া হবে। শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই শামীম খান।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























