গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী
- আপডেট সময় : ০৬:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান। তাঁর পিতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক সিদ্দিকীও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
এদিকে, ইশরাক আহমদ সিদ্দিকীকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার খবরে গাজীপুরের বিভিন্ন স্থানে তাঁর অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন। স্থানীয় নাগরিক ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফিরবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে এই নিয়োগ কার্যকর হওয়ার পর তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।













