ট্রাম্প: ইসরায়েলে নির্বাচনের আগমুহূর্তে যুদ্ধবাজ নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে
- আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপের তথ্য অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে পারেন। এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতি সরাসরি সমর্থন প্রকাশ করেছেন।
রবিবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লেখেন, ‘বিবি নেতানিয়াহু আপনাদের কখনো হতাশ করবেন না!’ ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থানের প্রশংসা করে ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি নেতানিয়াহুকে তার পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থন প্রদান করছেন।
নির্বাচনের মাত্র নয় দিন আগে মার্কিন প্রেসিডেন্টের এই জোরালো অবস্থান নেতানিয়াহুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সম্প্রতি এমন গুঞ্জন শোনা গিয়েছিল যে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত তাকে সমর্থন না-ও দিতে পারেন। এমনকি চলতি মাসের শুরুতে টাইম সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই নেতা ছয়বারেরও বেশি বৈঠকে মিলিত হয়েছেন। তবে তাদের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। বিভিন্ন সময় ইরান ইস্যু ও যুদ্ধ কৌশল নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। গত জুনে ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন যে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে ক্ষোভ থেকে এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বলে অভিহিত করেছিলেন।
নেতানিয়াহুকে ঘিরে ট্রাম্পের এমন পরস্পরবিরোধী অবস্থানের নেপথ্যে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও কৌশলগত ভিন্নমত কাজ করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, নির্বাচনের ঠিক আগের মুহূর্তে পাওয়া এই সমর্থন নেতানিয়াহুর জন্য ভোটের বাক্সে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
























