তিতাসের পাইপলাইনে ফের দুর্ঘটনা, যেসব এলাকায় গ্যাস বন্ধ
- আপডেট সময় : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২০৩ বার পড়া হয়েছে
গণভবন এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে ভাল্ভ বিস্ফোরণের পর এবার ঢাকার উত্তরা–টঙ্গী সেতুর কাছে গ্যাসের পাইপলাইনের একটি ভাল্ভ বিস্ফোরিত হয়েছে। এতে উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্ভ ফেটে উচ্চচাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এর আগে ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। গ্যাসের স্বল্পচাপের ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
এরও আগে, গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
















