পদত্যাগের নির্দেশ গুজব, জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক
- আপডেট সময় : ১১:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশনা পাওয়ার যে খবর ছড়িয়েছে, তা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় তিনি নিজের অবস্থানের কথা পরিষ্কার করেন। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তাকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা কোনো উড়ো খবরের মাধ্যমে নয়, বরং প্রেস কনফারেন্সের মাধ্যমেই দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় যে, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ সংবাদের পরপরই প্রতিমন্ত্রী এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা এমন ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এদিকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক প্রতিবাদ পত্রে এ ধরনের রিপোর্টকে অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, প্রতিমন্ত্রী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালন করছেন এবং উচ্চপর্যায় থেকে পদত্যাগের কোনো নির্দেশনা আসেনি।
প্রতিবাদ পত্রে আরও উল্লেখ করা হয়, গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনা ঘটেছিল, সে বিষয়ে প্রতিমন্ত্রী আগেই ব্যাখ্যা দিয়েছেন। এই ঘটনাকে পুঁজি করে যারা তার পদত্যাগ নিয়ে কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অবিলম্বে এই বিভ্রান্তিকর খবর প্রত্যাহার করে সঠিক তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে প্রতিমন্ত্রীর দপ্তর। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

























