পুলিশের ৫ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৬:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর কোতোয়ালি মডেল থানায় নেওয়ার পথে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব।
পুলিশ জানায়, কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। ওই ঘটনায় রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামি আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় আহত ২ পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই ফরিদ আহমেদ।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।
















