প্রথমবার বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাট সফরে আসছেন তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে জেলাজুড়ে সাজ সাজ রব পড়েছে। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রধানকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন। বিশেষ করে মাজার জিয়ারত এবং কাটাখালী মোড়ের পথসভাস্থল ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানস্থল পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে জনসমাগম সামলানোর মতো প্রতিটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় স্তরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। জেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে উপকূলীয় এই জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবিগুলো পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নেতাকর্মীদের উচ্ছ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের নজর এখন সরকারের উন্নয়নমুখী পরিকল্পনার দিকে। জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে সুপেয় পানির তীব্র সংকট, উন্নত চিকিৎসাসেবার অভাব এবং নাজুক যোগাযোগব্যবস্থা। উপকূলীয় এলাকার মানুষ নিরাপদ পানির জন্য যে কষ্ট সহ্য করছেন, তা থেকে মুক্তি চায় এলাকাবাসী। সেইসঙ্গে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের, যা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে।
এ বিষয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, বাগেরহাটের সাধারণ মানুষের জন্য একটি মেডিকেল কলেজ অত্যন্ত প্রয়োজন। এছাড়া বিশুদ্ধ পানির সংকট সমাধানও জরুরি। প্রধানমন্ত্রীর এই সফর জেলার মানুষের দীর্ঘদিনের দাবিগুলোকে সামনে নিয়ে আসবে এবং সরকারের কার্যকর উদ্যোগে এসব সমস্যার সমাধান হবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন। সফরের মধ্য দিয়ে জেলায় উন্নয়ন কর্মকাণ্ডের নতুন গতি সঞ্চার হবে বলেই সাধারণ মানুষের প্রত্যাশা।
























