ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসছে, জানালেন অর্থমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নতুন সরকার ক্ষমতাগ্রহণের পর থেকেই প্রান্তিক মানুষের জীবনমান বাড়াতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। ইতিমধ্যে এই দুটি কার্ডই চালু হয়েছে এবং সুফল ভোগ করছেন কার্ডধারীরা।
এসব কার্ডের অর্থ বরাদ্দ নিয়ে অনেকে বিভিন্ন প্রশ্ন তুলছেন। এসব নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মেগা প্রজেক্টে না গিয়ে সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডও এর অংশ। এর ফলে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়বে।
রবিবার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর ২য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী জানান, মূলধারার অর্থনীতির বাইরে থাকা মানুষকে সরকার অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চায়। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে।
যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে উল্লেখ করে সেই মানদণ্ড পূরণ না করলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।















