মাছের ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, লুটপাটে মত্ত জনতা
- আপডেট সময় : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
ভারতের বিহার রাজ্যের সীতামারহি জেলায় এক সড়ক দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের চরম অসংবেদনশীল আচরণের একটি ঘটনা সামনে এসেছে। ঘটনাটি পুপ্রি থানার আওতাধীন ঝাঝিহাট গ্রামের কাছে ঘটে।
রীতেশ কুমার নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী সকালে কোচিংয়ে যাওয়ার পথে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। রীতেশ ঘটনাস্থলেই মারা যায়।
কিছুক্ষণ পর তার পরিবার ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্তানকে মৃত অবস্থায় দেখতে পায়।
তবে শিশুটির মা-বাবা যখন শোকে ভেঙে পড়েন এবং পরিবারটি গভীর শোকের মধ্যে ছিল, তখন সড়কের অপর পাশে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যায়। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি মাছ বোঝাই ছিল, সংঘর্ষের পর সেগুলো সড়কে ছড়িয়ে পড়ে।
আহতকে সহায়তা করা, অ্যাম্বুল্যান্স ডাকা বা পুলিশে খবর দেওয়ার পরিবর্তে ঘটনাস্থলে জড়ো হওয়া অনেক মানুষ মাছ লুটে নিতে শুরু করে।
অদূরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা গেলেও লোকজন বস্তা ভরে ও হাতে করে মাছ নিয়ে দৌড়ে পালাতে থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে পুপ্রি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করে। তারা রীতেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র : এনডিটিভি













