মোসাব্বির হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে
- আপডেট সময় : ১২:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে এবং এর পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে বিফ্রিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন—মূল শুটার জিনাত, সমন্বয়কারী বিল্লাল হোসেন, পালানোর সাহায্যকারী আব্দুল কাদির এবং রিয়াজ। ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল এবং ৬ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, আসামিদের বড় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়নি। তবে এদের মধ্যে দুইজন কারওয়ান বাজার কেন্দ্রিক ছিল এবং তারা মহাখালী এলাকায় থাকে। প্রাথমিক তথ্যনুযায়ী এটি ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্ব থেকে হতে পারে বলে মনে হচ্ছে। তবে আমরা রাজনৈতিক বা অন্যান্য সব দিকই খতিয়ে দেখছি। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

























