সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সব ধর্মের মানুষের সম্মিলিত ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পরবর্তী বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্বভার দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের প্রত্যেক শ্রেণি, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের ঋণ সহায়তার বিষয়ে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সহায়তার জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা করেছে বর্তমান সরকার।
শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সনাতনী সম্প্রদায়ের উৎসবের এই দিনে তিনি আহ্বান জানান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলে এই দেশ গড়তে হবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, সবাই তার সঙ্গে আছেন কি না; তখন জনতা হাত তুলে সম্মতি জানান। প্রধানমন্ত্রী দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন, এই দেশ আমাদের সবার। সবাই মিলে পরিশ্রম করে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য ও প্রতিজ্ঞা।

























