সৌদিতে হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কঠোর আইন কাতারের
- আপডেট সময় : ০৭:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সৌদি আরবের নিরাপত্তা ও অখণ্ডতা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সঙ্গে অবিচ্ছেদ্য বলে মন্তব্য করেছে কাতারের মন্ত্রিসভা। বুধবার দোহায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে আয়োজিত নিয়মিত বৈঠকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর বারবার হামলার তীব্র নিন্দা জানানো হয়। কাতার একে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। নিজেদের নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের যেকোনো পদক্ষেপে কাতারের পূর্ণ সমর্থন রয়েছে বলেও সভায় পুনর্ব্যক্ত করা হয়েছে।
বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সম্প্রতি শূরা কাউন্সিলে যে ভাষণ দিয়েছেন, তা দেশের সব সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কাজের মূল ভিত্তি বা দিকনির্দেশনা হিসেবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের উদ্যোগে সামাজিক কৌশল ২০২৫-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের অধিকার ও তাদের ডিজিটাল সুরক্ষাবিষয়ক একটি নতুন খসড়া আইন অনুমোদন করা হয়েছে। আইনটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তা আগামী ১০ দিনের জন্য জনমতের জন্য উন্মুক্ত রাখা হবে। আগ্রহীরা কাতারের ‘আল মিযান’ আইনি পোর্টাল ও ‘শারিক’ প্ল্যাটফর্মে এ বিষয়ে মতামত দিতে পারবেন, যাতে শিশুরা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে বড় হতে পারে।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাতার এনার্জির যৌথ উদ্যোগে তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক একটি খসড়া নির্দেশিকাও সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। পারমাণবিক বা তেজস্ক্রিয় উপাদানের ব্যবহার, পরিবহন ও সংরক্ষণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) বেঁধে দেওয়া কঠোর মানদণ্ড বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কাতার-আর্মেনিয়া বিচারিক সহযোগিতা এবং কাতার-বাহরাইন পরিবহন ও লজিস্টিকস খাতের উন্নয়নে কয়েকটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের অনুমোদন দেওয়া হয়েছে এই মন্ত্রিসভা বৈঠকে।
























