সৌদির বিভিন্ন স্থাপনায় ৬ দফা হামলার দাবি হুতিদের
- আপডেট সময় : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফায় হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও এই দাবির সপক্ষে নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূলীয় অঞ্চলসহ রাজধানী রিয়াদ এবং দক্ষিণের নাজরান শহর পর্যন্ত বিস্তৃত এলাকায় এসব হামলা চালানো হয়েছে।
হুতিদের দাবি অনুযায়ী, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাস তানুরা তেল শোধনাগার এবং আবকাইক এলাকায় সৌদি আরামকোর স্থাপনায় আঘাত করেছে। এছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। রাবিগ তেল শোধনাগার ও নাজরান অঞ্চলে সৌদি সামরিক বাহিনীর সদর দপ্তরেও হামলার কথা জানিয়েছে তারা।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, রিয়াদের দিকে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় শনাক্তের পর ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র ধ্বংসের সময় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে এক সৌদি নাগরিক আহত হয়েছেন। এছাড়া রিয়াদে একটি বাড়ি ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্র ধ্বংসের সংবাদের আগেই ওইসব এলাকায় সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকেই তেহরানে সৌদি আরব ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় দেশ সংলাপের মাধ্যমে সংঘাত প্রশমনের বিষয়ে একমত হয়েছিল। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ওই আলোচনায় অংশ নেন। তবে আলোচনার ইতিবাচক আবহ তৈরি হলেও বাস্তবে মাঠপর্যায়ে হুতি ও সৌদি জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। আলোচনার পর দুই পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য এলেও হুতি ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি-হুতি যুদ্ধে বাংলাদেশের শ্রমিক কেন আলোচনার কেন্দ্রে।
























