জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের
- আপডেট সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর আহ্বান জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি অভিযোগ করেন, হাদি হত্যা মামলার বাদী হওয়া সত্ত্বেও তাকে তদন্তের কোনো অগ্রগতি জানানো হচ্ছে না। বরং গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন ব্যাহত হলে এর দায় নির্বাচনে অংশ নেয়া দলগুলোকেই নিতে হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। দাবি করেন, গত চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করা সম্ভব হয়নি।













