গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত
- আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক এসআই ও এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।
নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। নিহত পুলিশ কর্মকর্তার নাম মিজানুর রহমান, যিনি কালীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। মাদক সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা আটক হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন রফিকুল ইসলাম বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, ঘটনার সময় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন। তারা মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। পুলিশের দাবি, কাভার্ডভ্যানের সঙ্গে আটকে যাওয়ার পর এসআই মিজানুর রহমানকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যান চালক। পরে তাকে সড়কের পাশে ফেলে চালক ঘোড়াশালের দিকে পালিয়ে যান।
স্থানীয় এক রিকশাচালক ও পথচারী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মিজানুর রহমান মারা যান। জাবেদ ওমর এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাভার্ডভ্যান বা এর চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


























