হরমুজে জাহাজে হামলা: ওমান উপকূলে ২৫ নাবিককে উদ্ধার
- আপডেট সময় : ০৯:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলার পর আগুন ধরে যায়। এ ঘটনায় জাহাজটিতে থাকা ২৫ জন নাবিককে ওমানের নৌবাহিনী সফলভাবে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পানামার পতাকাবাহী জাহাজটি উপকূল থেকে ১.৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। উদ্ধার অভিযানের পর নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
একই সময়ে হরমুজ প্রণালিতে উত্তেজনার পারদ আরও বেড়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা তিনটি তেলবাহী জাহাজ আটক করেছে। আইআরজিসির ভাষ্যমতে, জাহাজগুলো তাদের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে অনুমোদনহীন পথ দিয়ে চলাচল করছিল। মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় তারা এই পথ ব্যবহার করছিল বলে অভিযোগ তুলেছে তেহরান। বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও তারা তা অগ্রাহ্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়। ইরান জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় না করে কোনো জাহাজই এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আরেকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের লাভান দ্বীপের ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আগুন লাগলেও নাবিকরা অক্ষত আছেন বলে জানিয়েছে সংস্থাটি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতের জেরে এই অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়ছে।
যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। উল্লেখ্য যে, এই প্রণালি দিয়েই বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। ইরানের এই কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে, যা দেশটির তেল রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রমকে আরও সংকুচিত করে ফেলেছে।



















