নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত একনেক সভা আজ
- আপডেট সময় : ০৭:৫৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে চূড়ান্ত সভা আজ। কার্যতালিকায় রয়েছে ২৬টি প্রকল্প প্রস্তাব।
প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ৭টিই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়।
পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে ২৩টি প্রকল্পের নাম রয়েছে। এর বাইরে আরও তিনটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে। যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা, ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে।
এর বাইরে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। মেয়াদ বাড়তে পারে চট্টগ্রামের লালখান বাজার-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্পের।















