ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা
- আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন (১২ ফেব্রুয়ারি) মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াতের সুবিধার্থে এদিন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (এমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
উল্লেখ্য, মেট্রোরেলের রোববার থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচী অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করে সকাল ৬:৩০ মিনিটে এবং সবশেষ মেট্রোরেল চলা শুরু করে রাত ৯:৩০ মিনিটে।
মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করে সকাল ৭:১৫ মিনিটে এবং সবশেষ মেট্রোরেল চলা শুরু করে রাত ১০:১০ মিনিটে।















