রাঙামাটিতে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
রাঙামাটিতে মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নারীর নাম মনিরা বেগম (৬০)। এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ির বেতার কেন্দ্র সংলগ্ন শিমুলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে চালের বস্তা বোঝাই একটি মালবাহী ট্রাক রাঙামাটির দিকে আসছিল। পাহাড়ি সড়কে ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটির পাশে থাকা একটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে গেলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মনিরা বেগম ও চালক আহত হন।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।
রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে যাত্রী মনিরা বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


























