রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টকে বাংলাদেশের নকশী কাঁথা উপহার
- আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
২০২৫–২৬ মৌসুমে আরও একবার এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। স্প্যানিশ সুপার কোপার ফাইনাল ঘিরে বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমর্থকেরা অবস্থান করছেন জেদ্দায়।
সৌদির অন্যতম শহর জেদ্দায় অবস্থান করা মাদ্রিদের সমর্থকেরা এক ঢিলে দুই পাখি মেরেছেন। প্রিয় দলের খেলা দেখার পাশাপাশি ক্লাব প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করেছেন তাঁরা।
সুপার এল ক্লাসিকোর আগে আজ জেদ্দার হিল্টন হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের মাদ্রিদের ফ্যান ক্লাবের সদস্যরা দেখা করেছেন ফ্লোরিয়ান্তো পেরেজের সঙ্গে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেয় ‘পেনা মাদ্রিদেস্তা বাংলাদেশ’-এর সদস্যরা।
পেনা মাদ্রিদেস্তা বাংলাদেশের প্রেসিডেন্ট সিফাত জসিম জানিয়েছেন বিশেষ এই অনুষ্ঠানের আদ্যোপান্ত। বাংলাদেশভিত্তিক এই ফ্যান ক্লাবের এই সদস্য জানান, মাদ্রিদ প্রেসিডেন্টকে লাল-সবুজ জার্সি এবং দেশের ঐতিহ্যবাহী হাতে সেলাই করা নকশী কাঁথার ফ্রেম উপহার দিয়েছেন তাঁরা।
সিফাত জসিম বলেন, ‘আমরা মাদ্রিদ প্রেসিডেন্টের জন্য নকশী কাঁথা নিয়ে গিয়েছিলাম। তাঁকে বলেছি, এটি বাংলাদেশের ঐতিহ্য—হাতে সেলাই করা একটি আইটেম। পাশাপাশি বাংলাদেশের জার্সিও উপহার দিয়েছি। যদিও জার্সির সঙ্গে ছবি তুলতে দেওয়া হয়নি।’
জার্সির সঙ্গে ছবি তুলতে না দেওয়া হলেও নকশী কাঁথা সাদরে গ্রহণ করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট। উপহারের জন্য ফ্লোরিয়ান্তো পেরেজ বাংলাদেশের মাদ্রিদের ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন।
পরিচয়পর্ব দিয়ে শুরু হয়ে মাদ্রিদের সফলতম প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার পর্ব দিয়ে শেষ হয় অনুষ্ঠান। সভায় ফ্যান ক্লাবগুলোর প্রেসিডেন্টদের সামনের সারিতে বসতে দেওয়া হয়। এরপর জায়ান্ট স্ক্রিনে মাদ্রিদের ডাইহার্ড ফ্যানদের নিয়ে একটি ডকুমেন্টারি দেখানো হয়। সেখানে বিভিন্ন সেলিব্রেশন দেখানো হয়, যেখানে বাংলাদেশের ফ্যানদের উল্লাস ছিল অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানের একেবারে শেষ দিকে পেরেজকে উপহার দেন আগত সমর্থকরা। ছবি পর্বের পর মূল অনুষ্ঠান শেষ হয়























