সুন্দরবন পরিদর্শন শেষে নৌপথে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০১:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আকাশপথে সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণের পর খুলনার দাকোপ হয়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে তিনি নলিয়ান লঞ্চঘাট দিয়ে নৌপথে মোংলার দিকে যাত্রা করেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর ১টায় মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি বৈঠকে যোগ দেবেন। দিনব্যাপী এই সফরের শেষভাগে দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। বেলা ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হবেন এবং বেলা ৩টা ৩০ মিনিটে সেখানে পৌঁছে পরিদর্শন কাজ শেষ করে বিকেলেই ঢাকায় ফিরে আসবেন।
এর আগে সফরের সূচনাতে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে তিনি হেলিকপ্টারে সুন্দরবনের পথে যাত্রা শুরু করেন। পরবর্তীতে সকাল ১০টায় হেলিকপ্টার থেকেই সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর সঙ্গে রয়েছেন।

























