হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার
- আপডেট সময় : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিখুঁত’ হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দলটির মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সাথে সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবিও করেছেন তিনি। হুতিদের এই দাবির কয়েক ঘণ্টা আগেই সৌদি বাহিনী রিয়াদ অভিমুখে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিল। এর প্রতিক্রিয়ায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।
এর আগেও রবিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালেদ বিমানঘাঁটি ও জাজানের নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল হুতিরা। পাল্টা জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব অঞ্চলে ২৪ ঘণ্টায় অন্তত ৫৬টি বিমান হামলা চালানোর অভিযোগ করেছে হুতিরা। তবে রিয়াদের স্থাপনায় হুতিদের হামলার দাবি কিংবা সৌদি জোটের পাল্টা অভিযানের বিস্তারিত তথ্য নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো যাচাই করা সম্ভব হয়নি।
























