ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে প্রশ্ন জেলেনস্কির
- আপডেট সময় : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামাতে বাধ্য করতে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরও অনেক কিছু করতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।বার্তায় ইউক্রেনে ওপর রাশিয়ার অব্যাহত হামলার কারণে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন না বলেও জানান জেলেনস্কি। বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক সময়সূচি নির্ধারিত হলেই কেবল দাভোস সফর বিবেচনা করবেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসন গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানের জন্য জোর প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু খুব একটা সাফল্য পায়নি। প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প জেলেনস্কির সাথে একাধিকবার বৈঠক করেছেন এবং কয়েক মাস আগে আলাস্কায় পুতিনের সাথেও দেখা করেছেন।এরপর গত মাসের শেষের দিকে ট্রাম্প মার-এ-লাগোতে জেলেনস্কির সাথে দেখা করেন। তাদের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা বলেছিলেন, জেলেনস্কির সমর্থিত ২০-দফা শান্তি প্রস্তাবের বিষয়ে ‘বেশ অগ্রগতি হয়েছে।’
এরপর প্রায় তিন সপ্তাহ পার হলেও রাশিয়া-ইউক্রেন উত্তেজনা শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এর জন্য ট্রাম্প ও জেলেনস্কি একে অপরের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে সংঘাত আরও বেড়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক শক্তিশালি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সেইসব হামলার জবাবও দিচ্ছে ইউক্রেন।
রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ অবকাঠামো প্রায় ধ্বংস হওয়ার পথে। এমন অবস্থায় গত বুধবার (১৪ জানুয়ারি) জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেন জেলেনস্কি।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র ক্যাটেরিনা পপ বলেছেন, ইউক্রেনের রাজধানীর ৪৭১টি ভবনে তাপ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে রাতারাতি তাপমাত্রা আবার মাইনাস ১৯ ডিগ্রি সেলসিয়াসে (-২.২ ফারেনহাইট) নেমে গেছে। ফলে শীতে বিপাকে পড়েছেন বাসিন্দারা।
















