রোববার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
- আপডেট সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ভুটানের থিম্পু সফরের অংশ হিসেবে রোববার (১৮ অক্টোবর) ঢাকায় সংক্ষিপ্ত বিরতি নিতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সব আয়োজন ঠিক থাকলে যাত্রাপথে তিনি বাংলাদেশে ট্রানজিট নেবেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ইমিগ্রেশনসহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত ও নিরবচ্ছিন্ন করতে বাফুফের সাধারণ সম্পাদক শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। ফিফা প্রধান বিমানবন্দরে ভিআইপি জোনে অবস্থান করলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের দেখা হয়েছিল। ইনফান্তিনো ঢাকায় পা রাখলে আবারও বাফুফে সভাপতির সঙ্গে তার আলোচনার সুযোগ তৈরি হবে।


























