প্রশাসনে বড় রদবদল: ১০ সচিবের দপ্তর পরিবর্তন
- আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
প্রশাসনিক কাজের গতিশীলতা আনতে সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তাকে নতুন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রু এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করেছে সরকার।
রদবদলের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নৌপরিবহন সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ূন কবীর, যাঁকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (সংযুক্ত) বদলি করা হয়েছে এবং একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। নাডা’র রেক্টর মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই রদবদলে দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব ও একজনকে পূর্ণ সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি সাতজন কর্মকর্তা সচিব বা সমমর্যাদার পদে নতুন দায়িত্ব পেলেন। এর মাধ্যমে রাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এল।


























