বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের
- আপডেট সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বা ১ লাখ কোটি ইয়েন সমমূল্যের বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে জাপান। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার গত ২২ অক্টোবরের এক প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া গত ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে জাপানের সংশ্লিষ্টতায় গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এ অঞ্চলে জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়লে দেশে উৎপাদন শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও শিল্পদক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।
এই বিনিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে। চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তিনি আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। মূলত দুই দেশের কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক প্রসারের লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এ উদ্যোগের আওতায় গাড়ি ও অন্যান্য উৎপাদন শিল্প এবং জ্বালানি অবকাঠামো নির্মাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে একটি যৌথ বিবৃতিতে অংশ নেবেন এবং সানায়ে তাকাইচির আয়োজনে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করতে প্রধানমন্ত্রী এই সফরে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। এছাড়া টোকিওতে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। মিতসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা-সহ জাপানের বড় কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের শেষভাগে, আগামী বুধবার প্রধানমন্ত্রী ইউনিক্লোর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম ও ভবিষ্যতের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনার কথা রয়েছে। মূলত, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে যুক্ত রয়েছে।


























