জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী
- আপডেট সময় : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে থাকছেন না জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে এবং সেখানে উপস্থিত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত সরকারপ্রধানের বিদেশ সফরের সময় সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন, তবে দাউদ আলীর ক্ষেত্রে এই রেওয়াজের ব্যতিক্রম ঘটছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত দাউদ আলীর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ পাওয়া গেছে, তবে সেই অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি তাকে পুনরায় জাপানে পাঠানো হবে কি না, তাও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে অভিযোগের বিষয়ে খোলসা করেনি সূত্র।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালীন কূটনৈতিক কার্যক্রম এবং সার্বিক বিষয়াদি সমন্বয় করার দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। তিনি ইতোমধ্যেই ঢাকা ত্যাগ করেছেন এবং বর্তমানে টোকিওতে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরপরই গত বৃহস্পতিবার দাউদ আলী দ্রুত ঢাকায় ফিরে আসেন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ কার্যকর করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


























