খুলনায় অনৈতিক সুবিধা গ্রহণকারী ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার
- আপডেট সময় : ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বেতন-ভাতার বাইরে নানা ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের দায়ে খুলনা রেঞ্জের ২৮ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়। প্রত্যাহার হওয়া সদস্যদের তালিকায় পুলিশের বাবুর্চি থেকে শুরু করে এসআই পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় থানা পর্যায়ের সদস্যদের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় দায়িত্বরত সদস্যরাও রয়েছেন।
খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম জানান, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাহিনীর ভেতর শুদ্ধি অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, অনৈতিক সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এবং পুলিশের ওপর জনগণের আস্থা নষ্ট করে। আইজিপির কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাহিনীর স্বচ্ছতা ফেরাতে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।























