এআই প্রযুক্তিতে বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক সিস্টেম
- আপডেট সময় : ১০:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তায় বদলাতে শুরু করেছে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকার ট্রাফিক সিস্টেম। স্বয়ংক্রিয়ভাবে মামলা এবং ট্রাফিক কন্ট্রোল কষ্ট কমিয়েছে দায়িত্বরত ট্রাফিক পুলিশের। তবে এখনো শতভাগ চালক এ পদ্ধতি না মানায় ক্ষোভও আছে তাদের। আক্ষেপ, এ ব্যবস্থায় এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি অটোরিকশাকে। তাই এ ব্যবস্থাপনাকে স্বাগত জানালেও সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলে আরো কঠোর নজরদারির তাগিদ সচেতন চালকদের।
রাজধানীর সড়কের কথা মাথায় আসলেই সবার আগে আসে বিশৃঙ্খলা আর যানজটের কথা। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নজরদারিতে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি। যেখানে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক কন্ট্রোল এবং ক্যামেরা মামলার ব্যবস্থা রাখা হয়েছে। শুরুতে বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেটের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ ত্রিশটি পয়েন্টে বসানো হয়েছে এআই ক্যামেরা। এ ব্যবস্থাকে স্বাগত জানিয়ে চালকরা বলছেন, এর সাথে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছেন তারা। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে এখনো অটোরিকশা নিয়ে সরকারের কোন পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা।
এদিকে, ট্রাফিক সিস্টেমে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, আগের চেয়ে শৃঙ্খলায় ফিরেছে ট্রাফিক ব্যবস্থায়। তবে এখনো বড় একটি অংশ অসচেতন থাকায় কিছুটা বেগ পেতে হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, এআই ক্যামেরা স্থাপনের প্রথম চার দিনেই প্রায় ৩০০ মামলা রেকর্ড হয়েছে।















